প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 2, 2025 ইং
লটারিতে বদলি হলো দেশের ৫২৭ থানার ওসি

নিজস্ব প্রতিবেদক।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দেশজুড়ে থানার ওসি পদে ব্যাপক রদবদল করা হয়েছে। এবার প্রথমবারের মতো জেলা পুলিশ সুপারদের মতোই ৫২৭টি থানার অফিসার ইনচার্জকে লটারির মাধ্যমে পদায়ন করা হয়। নির্বাচনকে সামনে রেখে নিরপেক্ষতা নিশ্চিত করতে বিভিন্ন ইউনিট প্রধানের কাছ থেকে সৎ ও নির্দলীয় কর্মকর্তাদের তালিকা সংগ্রহ করে সেই তালিকার ভিত্তিতেই কেন্দ্রীয়ভাবে লটারি অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, দেশের মোট ৬৩৯ থানার মধ্যে ৫২৭টি জেলা পর্যায়ের থানায় এই লটারি কার্যক্রম সম্পন্ন হয়েছে। মেট্রোপলিটন এলাকার ১১০টি থানায় লটারির আওতা রাখা হয়নি; এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট পুলিশ কমিশনারদের মাধ্যমেই নতুন ওসি নির্ধারণ করা হবে। লটারিতে ঢাকা রেঞ্জের ১৩ জেলায় ৯৮ থানায় নতুন ওসি নিয়োগ পেয়েছেন। চট্টগ্রাম রেঞ্জে ১১ জেলায় পদায়ন হয়েছে ১১১ থানায়, খুলনায় ১০ জেলার ৬৪ থানায়, ময়মনসিংহে ৪ জেলার ৩৬ থানায়, বরিশালে ৬ জেলার ৪৬ থানায়, সিলেটে ৪ জেলার ৩৯ থানায়, রাজশাহীতে ৮ জেলার ৭১ থানায় এবং রংপুরে ৮ জেলার ৬২ থানায় নতুন ওসি দায়িত্ব পেয়েছেন।
পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং নির্বাচনের সময় মাঠপর্যায়ে দায়িত্ব পালন নির্বিঘ্ন করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে ২৬ নভেম্বর লটারির মাধ্যমে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের পদায়ন করা হয়, যা পুলিশের প্রশাসনিক ক্ষেত্রে স্বচ্ছতা ও সমতা প্রতিষ্ঠার একটি নতুন ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Revolt News BD